মুসলিমের জন্য সংক্ষিপ্ত উপকারী জ্ঞান
কিতাবটিতে দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলো সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এতে সঠিক ইবাদতের ভিত্তিসমূহ এবং আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, আখিরাত ও তাকদিরের প্রতি ঈমানের অর্থ ও তাৎপর্য সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিতাবটির সূচনা হয়েছে ইসলামের নিআমত বর্ণনা এবং আল্লাহ, তাঁর গুণাবলি ও তাঁর সুন্দরতম নামসমূহ সম্পর্কে জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে। এরপর এতে ইসলামের পাঁচটি রুকন ও ঈমানের রুকনসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ইহসানের ধারণা এবং একজন মুমিনের ওপর এর প্রভাবও তুলে ধরা হয়েছে। কিতাবটির বৈশিষ্ট্য হলো- এটি ওহির দুই উৎস কুরআন ও সুন্নাহর দলিল-প্রমাণের…
মুসলিমের জন্য উপকারী সংক্ষিপ্ত জ্ঞান
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি
ভূমিকা:
সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক নবী ও রাসূলদের মধ্যে সর্বোত্তম রাসূল আমাদের নবী মুহাম্মাদ এবং তার পরিবারবর্গ ও সমস্ত সাহাবীর উপর।
মানুষের উপরে আল্লাহ তা‘আলার সবচেয়ে বড় নি‘আমত হচ্ছে, তাকে তিনি ইসলামের নিয়ামাত দান করেন, তার উপরে টিকে থাকার সুযোগ দেন, আর এর হুকুম-আহকাম ও শরী‘আতের উপরে আমল করার তাওফীক দেন। এ কিতাবে একজন মুসলিম এমন কিছু মূলনীতি জানতে পারবে, যার দ্বারা তার দীন সঠিক-সুদৃঢ় হবে, আর তা এমন সংক্ষিপ্ত পদ্ধতিতে, যা তার কাছে এ মহান দীনের মৌলিক শিক্ষাগুলো স্পষ্ট করবে; যাতে তার রব আল্লাহ তা‘আলা, তাঁর দীন ইসলাম ও তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি হবে। ফলে সে পূর্ণ বিচক্ষণতা ও জ্ঞানের সাথে আল্লাহ তা‘আলার ইবাদত করতে পারবে।
বান্দাদের সৃষ্টির হিকমত
আল্লাহ তা‘আলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে: তাঁর কোন শরীক নেই এভাবে শুধুমাত্র তাঁর ইবাদাত করা। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন: “আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে, তারা কেবল আমারই ইবাদাত করবে।” [আয-যারিয়াত, আয়াত: ৫৬] অর্থাৎ: তাঁর কোন শরীক নেই, এভাবে বান্দারা যেন তাঁকে ইবাদাতের ক্ষেত্রে একক গণ্য করে। আর এ মহান উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের সকল কার্যক্রম ও আমাদের এ দুনিয়ার সকল উদ্দেশ্য আবর্তিত হবে, আল্লাহ তা‘আলা বলেছেন: “তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না?* সুতরাং সর্বোচ্চ আল্লাহ্ই প্রকৃত মালিক, তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই; তিনি সম্মানিত ‘আরশের রব।” [সূরা আল-মু’মিনূন: ১১৫-১১৬]
আমার রব আল্লাহ
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে মানুষ! তোমরা একমাত্র তোমাদের সেই রবের ‘ইবাদাত কর, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার।” [সূরা আল-বাকারাহ ২১]
তিনি আরো বলেছেন: “তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই।” [সূরা আল-হাশর: ২২]
তিনি আরো বলেছেন: “তাঁর মতো কিছুই নেই, আর তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” [সূরা আশ-শূরা : ১১]
আল্লাহ, তিনিই হচ্ছেন আমার রব ও সকল কিছুর রব। তিনিই মালিক, সৃষ্টিকর্তা, রিযিকদাতা এবং সকল কিছুর পরিচালনাকারী।
আর তিনিই ইবাদতের একমাত্র উপযুক্ত। তিনি ছাড়া কোন প্রকৃত রব নেই, আর কোন প্রকৃত উপাস্যও নেই।
তাঁর অসংখ্য সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী রয়েছে, যা তিনি তাঁর নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তাঁর নিজের জন্য বর্ণনা করেছেন, যা সৌন্দর্য্য ও পূর্ণতায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাঁর মতো কিছু নেই, আর তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
তাঁর সুন্দর নামসমূহের মধ্যে রয়েছে:
الرزاق বা রিযিকদাতা, الرحمن বা পরম দয়ালু, القدير বা সর্বময় ক্ষমতাধর, المَلِك বা মহামালিক, السميع বা সর্বশ্রোতা, السلام বা নিরাপত্তাদানকারী, البصير বা সর্বদ্রষ্টা, الوكيل বা কর্ম-সম্পাদনকারী, الخالق বা সৃষ্টিকর্তা, اللطيف বা সূক্ষদর্শী, الكافي বা অমুখাপেক্ষি, الغفور বা মহাক্ষমাশীল।
আর-রাযযাক (মহারিযিকদাতা): বান্দাদের রিযিকের জিম্মা গ্রহণকারী, যা দ্বারা তাদের দেহ ও মনের বেঁচে থাকা নির্ভর করে।
আর-রহমান (পরম দয়ালু): মহান ও সুবিশাল প্রশস্ত রহমতের মালিক, যা সবকিছুকে অন্তর্ভুক্ত করে।
আল-কাদীর (সর্বময় ক্ষমতাধর): যিনি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, যার ক্ষমতায় কখনো অক্ষমতা ও কোন দুর্বলতা আসে না।
আল-মালিক (মালিক বা বাদশাহ): যিনি মহত্ব, সর্বক্ষমতা ও নিয়ন্ত্রকের গুণে গুণান্বিত। আর যিনি সবকিছুর মালিক, তাতে কোন প্রকার বাঁধা-বিঘ্ন ও প্রতিরোধ ছাড়া পরিচালনাকারী।
আস-সামী‘ (সর্বশ্রোতা): প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় সব শ্রবণ উপযোগী বস্তু যিনি শুনে থাকেন। তিনি বান্দাদের দু‘আ ও তাদের কাকুতি-মিনতি শুনে থাকেন।
আস-সালাম (নিরাপত্তা-দানকারী): যিনি সর্ব প্রকার দুর্বলতা, দোষ ও ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র।
আল-বাসীর (সর্বদ্রষ্টা): যিনি তার দৃষ্টি দিয়ে সবকিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন; তা যতই সূক্ষ্ম ও ক্ষুদ্র হোক না কেন। তিনি সকল বিষয়ে অন্তর্দৃষ্টির অধিকারী, পূর্ণ অবগত এবং তার অভ্যন্তরীণ বিষয়সমূহ সম্পর্কেও সম্যক জ্ঞাত।
আল-ওয়াকীল (কর্মবিধায়ক): তিনি সেই সত্তা যিনি তাঁর সৃষ্টির রিজিকের দায়িত্ব গ্রহণকারী, তাদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নিয়োজিত; এবং যিনি তাঁর প্রিয় বান্দাদের অভিভাবকত্ব গ্রহণ করে তাদের জন্য সকল কাজ সহজ করে দেন ও তাদের সমুদয় বিষয়ে নিজেই যথেষ্ট হয়ে যান।
আল-খালিক (সৃষ্টিকর্তা): পূর্বে কোন দৃষ্টান্ত ছাড়া সবকিছুর আবিষ্কারক ও অস্তিত্বদানকারী।
আল-লাত্বীফ (অনুগ্রহকারী): যিনি তাঁর বান্দাদেরকে সম্মানিত করেন, তাদের উপরে রহমত করেন এবং তাদের চাওয়া পূর্ণ করেন।
আল-কাফী (যথেষ্ট): তিনি সেই সত্তা যিনি তাঁর বান্দাদের প্রয়োজনীয় সকল বিষয়ে নিজেই যথেষ্ট হয়ে যান; অন্যদের বাদ দিয়ে তাঁর সাহায্যই যথেষ্ট হয় এবং যার মাধ্যমে অন্য সবার মুখাপেক্ষিতা থেকে অমুখাপেক্ষী হওয়া যায়।
আল-গফূর (পরম ক্ষমাশীল): যিনি তাঁর বান্দাকে তাদের গুনাহের অনিষ্টতা থেকে বাঁচান এবং তার কারণে তাদের শাস্তি দেন না।
আমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তা‘আলা বলেছেন: “অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন এমন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।” [সূরা আত-তাওবাহ: ১২৮]
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর আমি তো আপনাকে সৃষ্টিকুলের জন্য শুধু রহমতরূপেই পাঠিয়েছি।” [সূরা আল-আম্বিয়া: ১০৭]
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত:
তিনি হচ্ছেন: মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব বিন হাশিম। আর হাশিম কুরাইশ গোত্রের এবং কুরাইশ আরবদের অন্তর্ভুক্ত।
তার মাতা: আমিনা বিনতে ওয়াহাব। তার দুধমাতা: হালিমা সা‘দিয়্যাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো জন নারীকে বিবাহ করেছিলেন, তাদের মধ্যে নয়জনকে রেখে তিনি মারা যান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতজন সন্তান ছিল, তাদের মধ্যে তিনজন ছেলে, আর চারজন মেয়ে: ছেলেদের নাম: আল-কাসিম, আব্দুল্লাহ ও ইবরাহীম। আর মেয়েদের নাম: যয়নাব, রুকাইয়াহ, উম্মে কালছূম ও ফাতিমা।
তিনি যা আদেশ করেছেন তাতে তাঁর আনুগত্য করা, যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা, যা থেকে নিষেধ করেছেন ও দূরে থাকতে বলেছেন তা বর্জন করা এবং আল্লাহ তাআলা যেভাবে শরিয়তসম্মত করেছেন কেবল সেভাবেই তাঁর ইবাদত করা আবশ্যক।
তার রিসালাত এবং তার পূর্বের সকল নবীর রিসালাত ছিল এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা- যার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা বলেছেন: “আর আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তার কাছে এ ওহীই পাঠিয়েছি যে, আমি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমরাই ইবাদাত কর।” [সূরা আল-আম্বিয়া: ২৫]
আর তিনিই নবী ও রাসূলদের পরিসমাপ্তকারী। আল্লাহ সুবহানাহু বলেছেন: “মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন; ববং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আর আল্লাহ্ সর্বকিছু সম্পর্কে সর্বজ্ঞ।” [সূরা আল-আহযাব: ৪০]
আল্লাহ তাআলা তাকে সমস্ত মানবজাতির প্রতি 'দ্বীন ইসলাম' সহ প্রেরণ করেছেন, যেমনটি তিনি বলেছেন: “আর আমি তো আপনাকে সমগ্ৰ মানুষের জন্যই সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না।” [সূরা সাবা : ২৮]
প্রতিটি মুসলিমের উপরেই রয়েছে তার অনেক অধিকার। তন্মধ্যে অন্যতম হলো:
১। তার নবুওয়ত ও তার সত্যতা এবং তিনি যে মহান শরিয়ত নিয়ে এসেছেন তার নির্ভুলতার ব্যাপারে ঈমান আনা এবং এ ব্যাপারে তার আনুগত্য ও অনুসরণ করা। আল্লাহ তা‘আলা বলেছেন: “আর তিনি মনগড়া কথা বলেন না।* তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়।” [সূরা আন-নাজম : ৩-৪]
২। তাকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ভালোবাসা এবং নিজের জান, সন্তান-সন্ততি ও সমগ্র সৃষ্টির ওপর তার ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া ওয়াজিব। আর এই ভালোবাসার দাবি হলো- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পূর্ণ অনুগত্য করা, তিনি যা আদেশ করেছেন তা মেনে চলা এবং যা থেকে নিষেধ ও সতর্ক করেছেন তা বর্জন করা।
৩। তাকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শ্রদ্ধা করা, সহযোগিতা করা, মর্যাদা দেওয়া এবং সম্মান প্রদর্শন করা ওয়াজিব।
৪। তার উপর দরুদ পাঠ করা, দরুদ হচ্ছে: তার প্রশংসা করা এবং আল্লাহর কাছে তার স্মরণ এবং মর্যাদা-সম্মান বাড়িয়ে দেওয়ার প্রার্থনা করা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কেউ আমার উপর একবার দরূদ পাঠ করলে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন।” সহীহ মুসলিম।
৫। তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যাপারে বাড়াবাড়ি করা এবং আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন, তা থেকে তাকে উচ্চতর আসনে বসানো নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ বিষয়ে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন, যেখানে তিনি বলেছেন: “তোমরা আমার বিষয়ে বাড়াবাড়ি করো না, যেমনটি খৃস্টানরা মারইয়ামের পুত্র সম্পর্কে বাড়াবাড়ি করেছে। আমি কেবল তাঁর বান্দা। তাই তোমরা বল, আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।” হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য হলো:
সত্যবাদীতা, দয়া, সহনশীতা, ধৈর্য, বীরত্ব, দানশীলতা, উত্তম আচরণ, ন্যায় বিচার, বিনয় এবং ক্ষমাশীলতা।
আল-কুরআনুল কারীম আমার রবের কালাম
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে লোকসকল! তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে, এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট নূর নাযিল করেছি।“ [সূরা আন-নিসা : ১৭৪]
আল-কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ তা‘আলার কালাম, যা প্রকৃতপক্ষেই তিনি বলেছেন। আর তিনি তা স্বীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন; যেন তিনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন এবং তাদেরকে সীরাতে মুস্তাকীম (সুদৃঢ় সরল পথ) এর সন্ধান দিতে পারেন। যে ব্যক্তি তা পাঠ করবে সে মহা সওয়াব লাভ করবে, আর যে এর নির্দেশিকা অনুযায়ী আমল করবে সে সরল-সঠিক পথে পরিচালিত হবে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে তার জন্য রয়েছে একটি সাওয়াব। আর প্রত্যেক সাওয়াব দশগুণ। আমি বলছি না: الم একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।” সুনানে তিরমিযি।
কিয়ামাত পর্যন্ত আল্লাহ তা‘আলা একে যে কোন ধরণের পরিবর্তন ও বিকৃতি থেকে হিফাযত করেছেন এবং একে তিনি চিরস্থায়ী নিদর্শন হিসেবে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেছেন: “নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি এবং আমি অবশ্যই তার সংরক্ষক।” [সূরা আল-হিজর : ৯] সুতরাং যে ব্যক্তিই দাবী করবে যে, কুরআনে কোন অপূর্ণতা কিংবা কোন বিকৃতি রয়েছে, তাহলে সে আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপকারী বলে গণ্য হবে এবং সে মিল্লাতে ইসলাম থেকে বের হয়ে যাবে।
আল-কুরআনুল কারীম পূর্ববর্তী সকল আসমানী কিতাবের মূল বিষয়বস্তুগুলোকে অন্তর্ভুক্ত করেছে, উপরন্তু এতে রয়েছে ঐশ্বরিক জ্ঞান ও আত্মশুদ্ধিমূলক নৈতিকতার অতিরিক্ত প্রাচুর্য। এটি পূর্ববর্তী কিতাবসমূহে আগত সত্যের সত্যায়নকারী। বর্তমান যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো কিতাব বিদ্যমান নেই যার অনুসরণ করা, যাকে সম্মান করা, যার তিলাওয়াতকে ইবাদত হিসেবে গণ্য করা এবং যার অনুযায়ী আমল করা আবশ্যক- একমাত্র আল-কুরআনুল কারীম ব্যতীত।
আমার দীন ইসলাম
দীনের স্তর তিনটি: ইসলাম, ঈমান ও ইহসান।
প্রথম স্তর: ইসলাম
ইসলাম হলো: তাওহিদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আনুগত্যের মাধ্যমে তাঁর অনুগত হওয়া এবং শিরক ও মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা।
ইসলামের রুকনসমূহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ইসলাম পাঁচটি ভিত্তর উপর প্রতিষ্ঠিত: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবূদ নেই আর মুহাম্মাদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমাদানের সওম পালন করা এবং বাইতুল্লাহর হজ্জ পালন করা।” বুখারী ও মুসলিম।
ইসলামের রুকনসমূহ হচ্ছে এমন সকল ইবাদত যা পালন করা প্রতিটি মুসলিমের উপর ফরয। এগুলোর আবশ্যকতায় বিশ্বাস এবং তা মেনে চলা ছাড়া কোন মানুষের ইসলাম বিশুদ্ধ হবে না। কেননা ইসলাম এগুলোর উপরেই নির্ভরশীল। আর এ কারণেই এগুলোকে “আরকানুল ইসলাম” হিসেবে নামকরণ করা হয়েছে।
এই রুকনসমূহ হচ্ছে:
প্রথম রুকন: আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবূদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল- একথার সাক্ষ্য দেওয়া।
আল্লাহ তা‘আলা বলেছেন: “কাজেই জেনে রাখ, আল্লাহ্ ব্যতীত অন্য কোন সত্য মাবুদ নেই।” [সূরা মুহাম্মাদ: ১৯]
তিনি আরো বলেছেন: “অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে তা তার জন্য বড়ই বেদনাদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি করুণাশীল ও অতি দয়ালু।” [সূরা আত-তাওবাহ: ১২৮]
'লা ইলাহা ইল্লাল্লাহ' এর সাক্ষ্যদানের অর্থ হলো: আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই।
‘মুহাম্মাদ আল্লাহর রাসূল’ এ কথার সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে: তিনি যা আদেশ করেছেন তাতে তার আনুগত্য করা, যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা, যা থেকে নিষেধ করেছেন ও দূরে থাকতে বলেছেন তা বর্জন করা এবং আল্লাহ তাআলার ইবাদত কেবল তার প্রবর্তিত শরিয়ত অনুযায়ীই করা।
দ্বিতীয় রুকন: সালাত কায়েম করা
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর তোমরা সালাত কায়েম কর।” [সূরা আল-বাকারাহ: ১১০]
সালাত কায়েম করতে হবে তা আদায়ের মাধ্যমে, যেভাবে আল্লাহ তা‘আলা এটিকে শরী‘আতভুক্ত করেছেন এবং তাঁর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
তৃতীয় রুকন: যাকাত আদায় করা
আল্লাহ তা‘আলা বলেছেন: “এবং তোমরা যাকাত আদায় কর।” [সূরা আল-বাকারাহ: ১১০]
আল্লাহ তা‘আলা যাকাতকে ফরয করেছেন মুসলিমের ঈমানের সত্যতা পরীক্ষার জন্য, তাকে প্রদত্ত সম্পদের বিপরীতে তার রবের শুকরিয়া জ্ঞাপন ও দরিদ্র-মুখাপেক্ষিদের সহযোগিতা স্বরূপ।
যাকাত আদায় হবে যাকাতের হকদার ব্যক্তিদেরকে তা প্রদানের মাধ্যমে।
আর তা হলো সম্পদের নির্ধারিত একটি হক, যখন তা একটি নির্দিষ্ট পরিমাণে (নিসাবে) পৌঁছায়; যা আল্লাহ তাআলা কর্তৃক কুরআনে উল্লেখিত আট প্রকারের লোককে প্রদান করা হয়, যাদের মধ্যে রয়েছে ফকির ও মিসকিন।
যাকাত আদায় করার মাধ্যমে দয়া ও অনুগ্রহের গুণে গুণান্বিত হওয়া যায়, মুসলিম ব্যক্তি চরিত্র ও সম্পদকে পবিত্র করা যায়, দরিদ্র ও মিসকীনদের মন সন্তুষ্ট করা যায়, পারষ্পারিক ভালোবাসার উপকরণসমূহ এবং মুসলিম সমাজের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করা যায়। এ কারণে নেককার মুসলিম ব্যক্তি যাকাত তার অন্তরের সদিচ্ছার সাথে খুশী মনেই আদায় করে। যেহেতু এর দ্বারা অন্যন্য মানুষদেরকেও সুখী করা যায়।
আর সম্পদের যাকাতের পরিমাণ হলো- সোনা, রূপা, গচ্ছিত নগদ টাকা এবং মুনাফার উদ্দেশ্যে ক্রয়-বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা বাণিজ্যিক পণ্যের মোট মূল্যের ২.৫% (আড়াই শতাংশ); যদি সেগুলোর মূল্য একটি নির্দিষ্ট পরিমাণ (নিসাব) স্পর্শ করে এবং তার ওপর পূর্ণ এক বছর অতিবাহিত হয়।
অনুরূপভাবে, যে ব্যক্তি গবাদিপশুর (উট, গরু ও ছাগল-ভেড়া) একটি নির্দিষ্ট সংখ্যার মালিক হয়, তার ওপরও যাকাত ওয়াজিব হয়; যদি সেগুলোকে মালিকের খাদ্য না দিয়ে বছরের অধিকাংশ সময় ভূমির ঘাস খাইয়ে চড়ানো হয়।
অনুরূপভাবে ভূগর্ভস্থ থেকে প্রাপ্ত বস্তু যেমন: রিকায– তা হচ্ছে: যা জাহিলী যুগে মাটিতে প্রোথিত সম্পদ -, অনুরূপভাবে বীজ, ফলফলাদি ও খনিজ সম্পদ যখন নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত পৌঁছে, তখন সেগুলোতেও যাকাত ফরয হয়।
চতুর্থ রুকন: রমাদান মাসে সাওম পালন করা
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।” [সূরা আল-বাকারাহ: ১৮৩]
রমাদান হচ্ছে: হিজরী ক্যালেন্ডার অনুযায়ী বছরের নবম মাস। মুসলিমদের কাছে এটি একটি সম্মানিত মাস। বছরের অন্যান্য মাসের উপরে এর বিশেষ অবস্থান রয়েছে। এই মাসব্যাপী সিয়াম পালন করা ইসলামের একটি রুকন।
রমাদানের সাওম হচ্ছে: পানাহার ও স্ত্রী সম্ভোগ পরিত্যাগ করা সহ সিয়াম ভঙ্গকারী সকল ধরণের কারণ হতে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তা‘আলার ইবাদত করা- যা মহিমান্বিত রমাদান মাসের দিনগুলোতে ফজর উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত পালন করতে হয়।
পঞ্চম রুকন: পবিত্র বাইতুল্লাহর হজ্জ আদায় করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরয।” [সূরা আলে ইমরান: ৯৭]
হজ্জ জীবনে একবার সে ব্যক্তির উপরে ফরয হবে যে সেখানে পৌঁছাতে সামর্থবান। হজ্জ হচ্ছে: নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ইবাদত সম্পাদন করার উদ্দেশ্যে মক্কা মুকাররমার বাইতুল্লাহ এবং পবিত্র স্থানসমূহের পানে যাত্রা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ পালন করেছেন, তার আগেও অন্যান্য নবীগণ হজ্জ পালন করেছেন। আল্লাহ তা‘আলা ইবরাহীম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন যে, তিনি যেন মানুষের মধ্যে হজ্জের ঘোষণা দেন। যেমনটি আল্লাহ তা‘আলা এ ব্যাপারে কুরআনুল কারীমে সংবাদ দিয়েছেন। তিনি বলেছেন: “আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃশকায় উটের পিঠে করে, তারা আসবে দুর-দুরান্তের পথ অতিক্রম করে।” [সূরা আল-হাজ্জ : ২৭]
দ্বিতীয় স্তর হচ্ছে: ঈমান
ঈমান হচ্ছে: আল্লাহ এবং তাঁর রাসূল যা আদেশ করেছেন সেগুলোকে স্বীকৃতি দেওয়া, দৃঢ়ভাবে বিশ্বাস করা, পরিপূর্ণভাবে মেনে নেওয়া এবং প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে সেগুলোর অনুগত হওয়া। এটা হচ্ছে অন্তরের সত্যায়ন, অন্তরের আমল ও শারীরিক আমলসমূহকে অন্তর্ভুক্তকারী দৃঢ় বিশ্বাস। দীনের সকল বিষয়কে বাস্তবায়ন করা এর অন্তর্ভুক্ত। ঈমান আনুগত্যের কারণে বৃদ্ধি পায়, আর পাপের কারণে হ্রাস হয়।
ঈমানের রুকনসমূহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছেন: “তুমি আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাদের প্রতি, কিতাবসমূহ, রাসূলগণ, আখেরাত দিবস ও তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান আনবে।”
আরকানুল ঈমান (ঈমানের রুকনসমূহ) হচ্ছে: অন্তরের সাথে সম্পর্কিত ইবাদতসমূহের নাম, যা সকল মুসলিমের উপর আবশ্যক। যেগুলো বিশ্বাস না করলে এবং এর দাবী অনুযায়ী আমল না করলে কোন ব্যক্তির ইসলাম বিশুদ্ধ হয় না। আর এ কারণেই এগুলোকে আরকানুল ঈমান হিসেবে নামকরণ করা হয়েছে। আরকানুল ঈমান ও আরকানুল ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে: আরকানুল ইসলাম হচ্ছে বাহ্যিক আমলসমূহের নাম, যা মানুষ তার অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা সম্পাদন করে থাকে, যেমন: শাহাদাতাইন (তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য) বা দুটি সাক্ষ্য মুখে উচ্চারণ করা, সালাত আদায় করা, যাকাত আদায় করা। আর আরকানুল ঈমান হচ্ছে অন্তরের আমলসমূহ, যা মানুষ তার অন্তর দ্বারা আদায় করে থাকে, যেমন: আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমান আনা।
প্রথম রুকন: আল্লাহর প্রতি ঈমান
আল্লাহ তা‘আলা বলেছেন: “নিশ্চয় মুমিন হচ্ছে তারা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে।” [সূরা আন-নূর: ৬২]
আমরা আল্লাহ তা‘আলার অস্তিত্বের উপরে ঈমান আনি, আমরা তাঁর রবুবিয়্যাত, উলূহিয়্যাত এবং তাঁর নামসমূহ ও গুণাবলীতে তাঁর একত্বে বিশ্বাস করি। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনা নিম্নোক্ত বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করে:
- আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অস্তিত্বের উপরে ঈমান।
- আল্লাহর রুবূবিয়্যাতে ঈমান। তিনিই প্রতিটি বস্তুর মহামালিক, সৃষ্টিকর্তা, রিযিকদাতা ও তাদের কাজের পরিচালক।
- আল্লাহর উলূহিয়্যাতে(একমাত্র তাঁরই ইবাদতে) ঈমান আনা। তিনিই একমাত্র ইবাদতের হকদার, কোন ইবাদতেই তাঁর কোন অংশীদার নেই। যেমন: সালাত, দু‘আ, মানত করা, যবাই করা, সাহায্য প্রার্থনা করা, আশ্রয় চাওয়াসহ অন্যান্য সকল ইবাদাত।
- আল্লাহ তা‘আলার সুন্দর নামসমূহ ও সুউচ্চ গুণাবলীর উপরে ঈমান আনা, যেগুলো আল্লাহ তা‘আলা তাঁর নিজের জন্য অথবা তাঁর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য সাব্যস্ত করেছেন এবং ঐ গুণাবলীকে নাকচ করা, যা তিনি অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে তাঁর জন্য নাকচ করেছেন। আর আল্লাহ তা‘আলার নামসমূহ ও গুণাবলী পূর্ণতার ও সৌন্দর্যের সবচেয়ে উত্তম পর্যায়ে রয়েছে। কোন বস্তুই তাঁর মত নয় এবং তিনি সবকিছু শোনেন ও দেখেন।
দ্বিতীয় রুকন: ফিরিশতাদের প্রতি ঈমান
আল্লাহ তা‘আলা বলেছেন: “সকল প্রশংসা আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি রাসূল করেন ফিরিশতাদেরকে যারা দুই দুই, তিন তিন অথবা চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।” [সূরা ফাতির : ১]
আমরা ঈমান আনি যে, ফিরিশতাগণ হচ্ছে অদৃশ্য এক সৃষ্টিজগত। তারা আল্লাহর বান্দা, তিনি তাদেরকে নূর হতে সৃষ্টি করেছেন। তাদেরকে তৈরী করেছেন তাঁর প্রতি অনুগত ও বিনীত করে। অতঃপর:
তারা বিরাট এক সৃষ্টি, তাদের শক্তি-সামর্থ ও সংখ্যা আল্লাহ তা‘আলা ছাড়া কেউ জানেন না। তাদের প্রত্যেকেরই বিশেষ নাম, গুণাবলী ও দায়িত্ব রয়েছে, যা দ্বারা আল্লাহ তা‘আলা তাদেরকে বিশেষায়িত করেছেন। এদের মধ্যে রয়েছেন জিবরীল আলাইহিস সালাম, যিনি ওহীর দায়িত্বে নিয়োজিত, আল্লাহর পক্ষ থেকে তাঁর রাসূলদের প্রতি তিনি ওহী নিয়ে অবতরণ করেন।
তৃতীয় রুকন: কিতাবসমূহের উপরে ঈমান
আল্লাহ তা‘আলা বলেছেন: “তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের নিকট নাযিল করা হয়েছে, এবং যা ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তার বংশধরদের প্রতি নাযিল হয়েছে, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট হতে দেওয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোন তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।” [সূরা আল বাকারাহ: ১৩৬]
আমরা ঈমান আনি যে, আল্লাহ তা‘আলা তাঁর রাসূলদের উপরে কিতাব নাযিল করেছেন, বিশ্ববাসীর উপর প্রমাণ হিসেবে এবং আমলকারীদের জন্য পথনির্দেশ হিসেবে। এগুলো দ্বারা তারা তাদেরকে জ্ঞান-প্রজ্ঞা শিক্ষা দেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন।
আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের কাছে রিসালাত সহকারে প্রেরণ করেছেন। তিনি তার শরী‘আতের মাধ্যমে পূর্বের সকল শরী‘আতকে রহিত করে দিয়েছেন। কুরআন কারীমকে পূর্বের সকল আসমানী কিতাবের উপর সাক্ষ্যদাতা ও রহিতকারী হিসেবে নির্ধারণ করেছেন। যেকোন ধরণের পরিবর্তন অথবা বিকৃতি থেকে আল্লাহ তা‘আলা কুরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেছেন: “নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি এবং আমি অবশ্যই তার সংরক্ষক।” [সূরা আল-হিজর : ৯] কেননা মহিমান্বিত এ কুরআন হচ্ছে মানব জাতির প্রতি আল্লাহ তা‘আলার সর্বশেষ কিতাব। তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ রাসূল। দীন ইসলাম হচ্ছে সেই দীন, যা আল্লাহ কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য মনোনীত করেছেন। এ মর্মে তিনি বলেছেন: “নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন।” [সূরা আলে-ইমরান : ১৯]
আল্লাহ তা‘আলা তাঁর কিতাবে যে সমস্ত আসমানী গ্রন্থের উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে:
আল-কুরআনুল কারীম: এটি আল্লাহ তা‘আলা তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন।
তাওরাত: এটি আল্লাহ তা‘আলা তাঁর নবী মূসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন।
ইনজিল: এটি আল্লাহ তা‘আলা তাঁর নবী ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন।
যাবূর: এটি আল্লাহ তা‘আলা তাঁর নবী দাঊদ আলাইহিস সালামের উপর নাযিল করেছেন।
সহিফায়ে ইবরাহীম: এটি আল্লাহ তা‘আলা তাঁর নবী ইবরাহীম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন।
চতুর্থ রুকন: রাসূলদের প্রতি ঈমান
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি এ নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগূতকে।” [সূরা আন-নাহল: ৩৬]
আমরা বিশ্বাস করি যে, আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্টিজগতের কাছে রাসূলদেরকে প্রেরণ করেছেন, যারা তাদেরকে এক আল্লাহর ইবাদাতের প্রতি আহ্বান করেছেন, যার কোন শরীক নেই এবং আল্লাহ তা‘আলা ছাড়া যাদের ইবাদাত করা হয়, সেগুলোকে অস্বীকারের প্রতি আহ্বান করেছেন।
তাদের প্রত্যেকেই ছিলেন আল্লাহর পুরুষ বান্দা। তারা ছিলেন সত্যবাদী, সত্যায়নকৃত, পরহেযগার, বিশ্বস্ত, সুপথপ্রাপ্ত, পথের দিশারী। আল্লাহ তাদেরকে তাদের সত্যতার প্রমাণকারী নিদর্শনসমূহ দিয়ে শক্তিশালী করেছিলেন। আল্লাহ তাদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলেন, তারা তার সবটুকুই পৌঁছে দিয়েছিলেন। তারা প্রত্যেকেই ছিলেন সুস্পষ্ট সত্য ও প্রকাশিত হিদায়াতের পথে।
দীনের মৌলিক বিষয়ে তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবার দাওয়াত একই ছিল। তা হচ্ছে: ইবাদাতের ক্ষেত্রে আল্লাহ তা‘আলার তাওহীদ ঠিক রাখা এবং তাঁর সাথে শিরক না করা।
পঞ্চম রুকন: আখিরাতের প্রতি ঈমান
আল্লাহ তা‘আলা বলেছেন: “আল্লাহ, তিনি ছাড়া অন্য কোন প্রকৃত মাবূদ নেই; অবশ্যই তিনি তোমাদেরকে কিয়ামাতের দিন একত্রিত করবেন, এতে কোন সন্দেহ নেই। আর আল্লাহর চেয়ে বেশী সত্যবাদী কে হতে পারে?” [সূরা আন-নিসা: ৮৭]
আমরা আখিরাতের প্রতি ঈমান রাখি। আর তা হচ্ছে কিয়ামতের দিন, এর পরে আর কোন দিন নেই। আমরা আরো ঈমান আনি এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোর উপরে, যে সম্পর্কে আমাদের প্রতাপশালী মহাসম্মানিত রব তাঁর কিতাবের মধ্যে আমাদেরকে সংবাদ দিয়েছেন অথবা যে সম্পর্কে আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যেমন: মানুষের মৃত্যু, পুনরুত্থান, হাশর, শাফা‘আত, মীযান, হিসাব, জান্নাত ও জাহান্নামসহ আখিরাত দিবসের সাথে সংশ্লিষ্ট আরো অন্যান্য বিষয়াবলী।
ষষ্ঠ রুকন: তাকদীরের ভালো-মন্দের উপর ঈমান রাখা
আল্লাহ তা‘আলা বলেছেন: “নিশ্চয় আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।” [সূরা আল-কামার: ৪৯]
আমরা তাকদীরের ভালো-মন্দের উপরে ঈমান রাখি। তা হচ্ছে: সৃষ্টিজগতের জন্য আল্লাহ তা‘আলা কর্তৃক নির্ধারিত তাকদীর, যা তিনি তাঁর কাছে থাকা ইলম ও হিকমাতের চাহিদা অনুযায়ী করেছেন। আর প্রতিটি বিষয় যা মাখলূকাতের উপরে এ দুনিয়াতে থাকাকালীন সময়ে আপতিত হয়, তার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার ইলম, তাঁর তাকদীর ও একক পরিচালনার মাধ্যমেই হয়ে থাকে, এতে তাঁর কোন শরীক নেই। আর এসব তাকদীর মানুষকে সৃষ্টি করার আগেই লিপিবদ্ধ করা হয়েছে। তবে মানুষ ইচ্ছা ও সংকল্প করতে পারে। সে তার কাজের প্রকৃত কর্তা; কিন্তু তা কখনো আল্লাহর ইলম, ইচ্ছা ও সংকল্পের বাইরে যেতে পারে না।
সুতরাং তাকদীরের উপর ঈমান চারটি স্তরে বিভক্ত:
প্রথমত: আল্লাহর ব্যাপক ও পরিব্যপ্ত ইলম সম্পর্কে ঈমান আনা।
দ্বিতীয়ত: কিয়ামাত পর্যন্ত যা কিছু ঘটবে, তার সবকিছুই আল্লাহ লিপিবদ্ধ করেছেন, এ বিষয়ে ঈমান আনা।
তৃতীয়ত: আল্লাহর কর্যকরী ইচ্ছা ও পরিপূর্ণ ক্ষমতার উপর ঈমান আনা। সুতরাং তিনি যা চেয়েছেন তাই হয়েছে এবং তিনি যা চাননি, তা হয়নি।
চতুর্থত: আল্লাহ প্রতিটি বস্তুর সৃষ্টিকর্তা, আর সৃষ্টির ক্ষেত্রে তাঁর কোন শরীক নেই, এ বিষয়ে ঈমান আনা।
তৃতীয় স্তর: ইহসান
ইহসান হচ্ছে: তুমি আল্লাহর ইবাদাত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তবে তিনি তোমাকে দেখছেন (এটি স্মরণে রেখে ইবাদত করবে)। এর দলীল হচ্ছে আল্লাহ তা‘আলার বাণী: “নিশ্চয় আল্লাহ্ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ।” [সূরা আন-নাহল: ১২৮।]
পবিত্রতা
আল্লাহ তা‘আলা বলেছেন: “নিশ্চয় আল্লাহ অধিক তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন।” [সূরা আল-বাকারাহ: ২২]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আমার মত এ রকম অযূ করবে, অতঃপর দু’রাকাত সালাত আদায় করবে, যাতে সে নিজের নফসের সঙ্গে কথা বলবে না (অন্য চিন্তায় ব্যস্ত হবে না), আল্লাহ তার পূর্বের গুনাহ্ ক্ষমা করে দেবেন।” সহীহ বুখারী।
সালাতের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তা‘আলা সালাত আদায়ের আগে পবিত্রতা অর্জন করাকে বিধিবদ্ধ করেছেন এবং একে সালাত শুদ্ধ হওয়ার শর্ত করেছেন। সুতরাং এটি হচ্ছে সালাতের চাবি এবং সালাতের গুরুত্বের প্রতি ইঙ্গিত প্রদানকারী, যা অন্তরে সালাত আদায়ের জন্য আকর্ষণ সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “পবিত্রতা ঈমানের অর্ধেক। ‘আল-হামদুলিল্লাহ’ মীযানকে পূর্ণ করে। ‘সুবহানাল্লাহ’ এবং ‘আল-হামদুলিল্লাহ’ এ দুটি কালিমা -অথবা একটি কালিমা- আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু পূর্ণ করে দেয়। সালাত হচ্ছে নূর, সদাকা হচ্ছে দলীল, সবর হচ্ছে আলো, কুরআন হয়তো তোমার পক্ষের অথবা বিপক্ষের প্রমাণ। প্রতিটি মানুষ সকালে উঠে নিজেকে বিক্রয় করতে থাকে, হয়তো সে নিজেকে মুক্তকারী হয় অথবা ধংসকারী।” সহীহ মুসলিম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন: “যে ব্যক্তি উত্তমরূপে অযু করে, তার শরীর থেকে তার গুনাহসমূহ বেরিয়ে যায়, এমনকি তা নখের নিচ থেকেও বের হয়ে যায়।” সহীহ মুসলিম।
সুতরাং বান্দা তার রবের প্রতি একদিকে উযূর মাধ্যমে বাহ্যিক পবিত্রতা আর অন্যদিকে এ ইবাদাত আদায়ের মাধ্যমে আত্মিক পবিত্রতা সহকারে পবিত্র অবস্থায় অগ্রসর হয়, আল্লাহ তা‘আলার প্রতি একনিষ্ঠ হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণকারী হিসেবে।
যেসব কাজের জন্য অযু আবশ্যক:
১. সকল প্রকার সালাত, হোক তা ফরয বা নফল।
২. কা‘বাতে তাওয়াফ করা।
৩. কুরআন স্পর্শ করা।
আমি পবিত্র পানি দ্বারা অযু ও গোসল করব:
পবিত্র পানি হচ্ছে: আকাশ থেকে অবতীর্ণ বা জমিন থেকে উৎসারিত এমন প্রতিটি পানি, যা তার মূল প্রাকৃতিক অবস্থায় বহাল রয়েছে এবং যার তিনটি বৈশিষ্ট্যের- অর্থাৎ রং, স্বাদ ও গন্ধের কোনো একটিও এমন কোনো কিছু দ্বারা পরিবর্তিত হয়নি, যা পানির পবিত্র করার ক্ষমতাকে বিলুপ্ত করে।
অযু
প্রথম ধাপ: নিয়ত করা; এটি অন্তরের বিষয়। নিয়তের অর্থ: আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদাত সম্পাদনের ব্যাপারে অন্তরের দৃঢ় সংকল্প।
দ্বিতীয় ধাপ: আমি বলব: ‘বিসমিল্লাহ’ [যার অর্থ: আল্লাহর নামে শুরু করছি]
তৃতীয় ধাপ: তিনবার কব্জি পর্যন্ত হাত ধোয়া।
চতুর্থ ধাপ: তিনবার কুলি করা।
কুলি করা হচ্ছে: মুখের অভ্যন্তরে পানি প্রবেশ করিয়ে তা নাড়াচাড়া করে ফেলে দেওয়া।
পঞ্চম ধাপ: তিনবার নাকে পানি দেওয়া, তারপরে নাক ঝেড়ে ফেলা। আর নাকে পানি দেওয়া বলতে: নিঃশ্বাসের সাথে পানি নাকের শেষ পর্যন্ত নিয়ে যাওয়া।
নাক ঝাড়া: নাকের মধ্যে থাকা নাকের ময়লা ও অন্যান্য বস্তু নিঃশ্বাসের দ্বারা বের করে ফেলা।
ষষ্ঠ ধাপ: তিনবার মুখমণ্ডল ধোয়া।
মুখমণ্ডলের সীমা:
মুখমণ্ডল হলো: যা দ্বারা মুখোমুখি হতে হয়।
প্রস্থের দিক থেকে এর সীমা: এক পাশের কান থেকে অন্য পাশের কান পর্যন্ত।
দৈর্ঘ্যের দিক থেকে এর সীমা: মাথার চুল গজানোর সাধারণ স্থান থেকে চিবুকের শেষ পর্যন্ত যে অংশটুকু রয়েছে।
চেহারা ধোয়ার মধ্যে এর অন্তর্ভুক্ত সমস্ত হালকা চুল ধোয়াও শামিল, আর একইভাবে সাদা অংশ (বায়াদ) এবং কান সংলগ্ন অংশ (আজার) ধোয়াও এর অন্তর্ভুক্ত।
বায়াদ্ব (البياض) হচ্ছে: যা কানের লতি ও কানের বিপরীতে চোয়ালের হাড়ের উপরে থাকা দাঁড়ির মধ্যবর্তী খালি জায়গা।
আর আজার হলো: কানের ছিদ্রের সমান্তরালে মাথার ভেতরের দিকে প্রসারিত উঁচু হাড়টির ওপর গজানো চুল এবং যা সেখান থেকে নিচের দিকে নেমে কানের লতি পর্যন্ত বিস্তৃত।
একইভাবে চেহারা ধোয়ার মধ্যে দাড়ির ঘন চুলের সবটুকু বাহ্যিক অংশ এবং তা থেকে নিচের দিকে ঝুলে পড়া অংশও অন্তর্ভুক্ত।
সপ্তম ধাপ: তিনবার আঙ্গুলের মাথার দিক থেকে শুরু করে দুই হাতকে কনুই পর্যন্ত ধোয়া।
দুই হাত ধোয়ার ফরযের মধ্যে দুই কনুইও অন্তর্ভুক্ত।
অষ্টম ধাপ: দুই হাত দিয়ে গোটা মাথা দুই কানসহ একবার মাসেহ করা।
যা মাথার অগ্রভাগ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত নিয়ে যেতে হয়, এরপরে আবার হাতদুটি ফিরিয়ে নিয়ে আসতে হয়।
অযুকারী তার দুই কানে তার দুই শাহাদাত আঙ্গুল প্রবেশ করাবে এবং এর বিপরীতে কানের বাইরের দিকে বৃদ্ধাঙ্গুলি দুটি লাগাবে; এভাবে করে সে কানের বাইরে এবং ভিতরে মাসেহ করবে।
নবম ধাপ: দুই পায়ের আঙ্গুল থেকে শুরু করে টাখনু পর্যন্ত তিনবার ধোয়া। দুই পা ধোয়ার ফরযের মধ্যে দুই টাখনুও অন্তর্ভুক্ত।
টাখনুদ্বয় হচ্ছে: পায়ের গোছা থেকে নিচে ফুলে থাকা দুটি হাড়।
দশম ধাপ: মুসলিম ব্যক্তির জন্য অযুর পরে এ দোয়া বলা সুন্নাতসম্মত: أشهَدُ أن لا إلهَ إلَّا اللهُ وحدَه لا شريكَ له، وأشهَدُ أنَّ مُحمَّدًا عبدُه ورسولُه، اللَّهمَّ اجعَلْني مِن التَّوَّابِينَ، واجعَلْني مِن المُتطهِّرِينَ অর্থ: “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের মধ্যেও শামিল করুন।” কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি সুন্দর করে অযু করে বলবে: أشهَدُ أن لا إلهَ إلَّا اللهُ وحدَه لا شريكَ له، وأشهَدُ أنَّ مُحمَّدًا عبدُه ورسولُه، اللَّهمَّ اجعَلْني مِن التَّوَّابِينَ، واجعَلْني مِن المُتطهِّرِينَ অর্থ: “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের মধ্যেও শামিল করুন।’ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যেটি দ্বারা সে খুশি প্রবেশ করবে।” সুনানে তিরমিযি।
নিন্মোক্ত কাজের কারণে অযু বাতিল হয়ে যায়:
১। পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া, যেমন: পেশাব, পায়খানা, বায়ু, বীর্য ও তরল পদার্থ।
২। পাগল, মাতাল, অচেতন হওয়া অথবা গভীর ঘুম জনিত কারণে জ্ঞান হারানো।
৩। যা গোসল ফরয করে এমন প্রতিটি কারণ, যেমন: জানাবাত, হায়িয ও নিফাস।
মানুষ যখন তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ (ইস্তিঞ্জা) করে, তখন তার ওপর নাপাকী দূর করা ওয়াজিব হয়ে যায়- তা হয় পবিত্র পানি দিয়ে, যা সর্বোত্তম; অথবা পানি ব্যতীত অন্য কোনো বস্তু দিয়ে যার দ্বারা নাপাকী দূর হয়, যেমন: পাথর, কাগজ, কাপড় ইত্যাদি। তবে তা হতে হবে নাপাকী পরিষ্কারকারী তিনবার বা তার অধিক মোছার মাধ্যমে এবং পবিত্র ও হালাল বস্তু দ্বারা।
চামড়া ও কাপড়ের দুই মোজার উপরে মাসেহ করা প্রসঙ্গ
কাপড় অথবা চামড়ার মোজা পরে থাকা অবস্থায় তার উপরে মাসেহ করা যাবে, দুই পা ধোয়ার দরকার হবে না। তবে তা নিম্নোক্ত শর্তে:
১। মোজা পরতে হবে ছোট অথবা বড় নাপাকী থেকে পরিপূর্ণ পবিত্র অবস্থায়।
২। মোজাদ্বয় পবিত্র হতে হবে, অপবিত্র থাকবে না।
৩। মাসেহ শুধুমাত্র নির্ধারিত সময়সীমার মধ্যে হতে হবে।
৪। মোজাদ্বয় হালাল হতে হবে। সুতরাং সেগুলো -উদাহরণস্বরূপ- চুরিকৃত অথবা ছিনতাইকৃত হবে না।
খুফ (চামড়ার মোজাদ্বয়): পাতলা চামড়া বা অনুরূপ কিছু থেকে তৈরী, যা পায়ে পরা হয়। অনুরূপ দুই পায়ের পাতা ঢেকে রাখে এমন জুতা। জাওরাব (কাপড়ের মোজা): কাপড় বা অনুরূপ কিছু থেকে তৈরী এমন পরিধেয় বস্তু, যা মানুষ পায়ে পরে থাকে। অনুরূপ এমন মোজা যাকে আরবীতে ‘শাররাব’ বলা হয়।
মোজার উপরে মাসেহ বৈধ হওয়ার হিকমাত: মোজার উপরে মাসেহ করার হিকমাত হচ্ছে: পরিহিত অবস্থায় চামড়ার অথবা কাপড়ের মোজা খোলা ও পা ধুয়ে ফেলা, মুসলিমদের মধ্য হতে যাদের উপরে কঠিন হয়ে যায়, তা হালকা ও সহজ করা, বিশেষভাবে সফর, প্রচন্ড ঠান্ডা ও শীতের সময়ে।
মাসেহের সময়কাল: মুকীম (নিজ এলাকাতে অবস্থানকারী): একদিন ও একরাত (২৪ ঘন্টা)। মুসাফির: রাতসহ তিনদিন (৭২ ঘন্টা)।
অযু নষ্ট হওয়ার পরে প্রথম মাসেহের সময় থেকে মোজার উপর মাসেহের সময় শুরু হবে।
কাপড়ের অথবা চামড়ার মোজাদ্বয়ের উপর মাসেহের পদ্ধতি:
১। দুই হাত ভিজাতে হবে।
২। পায়ের উপরিভাগে হাত বোলাতে হবে (পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের গোছার শুরু পর্যন্ত)।
৩। ডান পা মাসেহ করতে হবে ডান হাত দ্বারা এবং বাম পা মাসেহ করতে হবে বাম হাত দ্বারা।
মাসেহ বাতিলকারী বিষয়সমূহ: ১. যা গোসল ওয়াজিব করে ২. মাসেহের সময়কাল শেষ হয়ে যাওয়া।
গোসল
কোন পুরুষ অথবা নারী যদি সহবাস করে; যদিও তাতে বীর্যপাত না হয় অথবা উত্তেজনা সহকারে বীর্য বের হয়, তা জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমন্ত অবস্থায়, তখন উভয়ের উপরেই গোসল ফরয হবে; যাতে তারা সালাত আদায় করতে পারে অথবা পবিত্রতা শর্ত এমন কাজগুলো করতে পারে। অনুরূপভাবে কোন মহিলা যখন মাসিক স্রাব এবং সন্তান প্রসবের স্রাব থেকে পবিত্র হবে, তখনও সালাত আদায় করা অথবা পবিত্রতা শর্ত এমন কাজগুলো করার আগে তার উপরে গোসল করা ফরয হবে।
গোসল করার পদ্ধতি:
মুসলিম ব্যক্তি তার পুরো শরীর পানি ঢেলে ধুয়ে ফেলবে, তা যেভাবেই হোক না কেন। এর মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়াও অন্তর্ভুক্ত। সুতরাং যখন তার শরীর পানি দ্বারা ধুয়ে ফেলবে, তখন তার থেকে বড় অপবিত্রা দূর হয়ে তার পবিত্রতা অর্জিত হয়ে যাবে।
এর থেকেও পরিপূর্ণ একটি পদ্ধতি রয়েছে, তা হচ্ছে: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন। আর সেটি হচ্ছে:
১। অপবিত্রতা দূরীকরণের নিয়ত করা।
২।”বিসমিল্লাহ” বলা, তিনবার হাত ধোয়া, এরপরে যৌনাঙ্গ ধুয়ে ফেলা।
৩। পূর্ণভাবে উযূ করা, যেভাবে সালাতের জন্য একজন মুসলিম অযু করে।
৪। মাথার উপরে তিনবার পানি ঢালা, এর মাধ্যমে চুলের গোঁড়াতে পানি পৌঁছাবে।
৫। সমস্ত শরীর পানি দিয়ে ধুয়ে ফেলা। ডান পাশের দিক থেকে শুরু করবে, তারপরে বাম পাশ। এর সাথে দুই হাত দ্বারা কচলাবে, যাতে শরীরের সমস্ত স্থানে পানি পৌঁছে যায়।
গোসল না করা পর্যন্ত গোসল ফরয ব্যক্তির উপরে যা নিষিদ্ধ:
১। সালাত আদায় করা।
২। কা‘বাতে তাওয়াফ করা।
৩। মসজিদে অবস্থান করা; তবে অবস্থান না করে মসজিদ অতিক্রম করা বৈধ।
৪। কুরআন স্পর্শ করা।
৫। কুরআন পাঠ করা।
তায়াম্মুম
মুসলিম ব্যক্তি যখন পবিত্র হওয়ার জন্য পানি পাবে না অথবা অসুস্থ বা অনুরূপ কারণে পানি ব্যবহার করতে অপারগ হবে এবং আশঙ্কা করবে যে সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তখন সে মাটি দ্বারা তায়াম্মুম করবে।
তায়াম্মুমের পদ্ধতি হচ্ছে: সে তার দুই হাত মাটিতে একবার মারবে, তারপরে তা দ্বারা তার মুখ এবং দুই হাত কব্জি পর্যন্ত মাসেহ করে নেবে। তবে মাটি পবিত্র হওয়া শর্ত।
নিন্মোক্ত কাজগুলো তায়াম্মুম বাতিল করে দেয়:
১। যে কারণে অযু বাতিল হয়, সে কারণে তায়াম্মুমও বাতিল হয়।
২। যে ইবাদাতের জন্য তায়াম্মুম করা হয়েছে, সে ইবাদাত শুরু করার আগেই যদি পানি পাওয়া যায়।
সালাত
প্রতিদিন রাতে ও দিনে মুসলিম ব্যক্তির উপরে আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। সেগুলো হচ্ছে: ফজর, যোহর, আসর, মাগরিব এবং ইশা।
সালাতের প্রস্তুতি
যখন সালাতের ওয়াক্ত হবে, তখন মুসলিম ব্যক্তি ছোট নাপাকী বা অপবিত্রতা থেকে এবং যদি বড় নাপাকী থেকে থাকে, তাহলে বড় নাপাকী থেকে পবিত্রতা অর্জন করবে।
বড় নাপাকী হচ্ছে: যা মুসলিমের উপরে গোসল ফরয করে।
ছোট নাপাকী হচ্ছে: যা মুসলিমের উপরে অযু ফরয করে।
একজন মুসলিম ব্যক্তি সতর ঢেকে, পবিত্র স্থানে, পবিত্র জামা-কাপড় পরিধান করে সালাত আদায় করবে।
সে উপযুক্ত পোশাকে সালাতের ওয়াক্তে তার শরীর আবৃত করে সজ্জিত হবে। কোন পুরুষের জন্য নাভী ও হাঁটুর মধ্যবর্তী স্থানের কোন অংশ সালাতের মধ্যে প্রকাশ করা বৈধ নয়।
আর নারীর জন্য মুখমণ্ডল ও দুই হাতের তালু ছাড়া সালাতের মধ্যে সমস্ত শরীর ঢেকে রাখা আবশ্যক।
সালাতরত অবস্থায় সালাতের জন্য নির্দিষ্ট কথা (কিরাত ও দুআ) ছাড়া অন্য কিছু বলবে না। ইমামের প্রতি খেয়াল করে চুপ থাকবে, সালাতে এদিক ওদিক তাকাবে না। আর যদি সালাতের নির্ধারিত কথা (দু‘আ ও যিকর) সে মুখস্ত করতে না পারে, তবে সে আল্লাহর যিকির ও এবং তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠ করে সালাত শেষ করবে। তবে তার উপরে আবশ্যক হচ্ছে অতিদ্রুত সালাত ও তার নির্দিষ্ট কথাসমূহ (দু‘আ ও যিকর) শিখে নেওয়া।
আমরা যেন আল্লাহর ইচ্ছায় সহীহভাবে সালাত আদায় করতে পারি, সেজন্য আমরা নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করব এবং এগুলোর প্রতি যত্নবান হব:
প্রথম ধাপ: যে ফরয সালাত আমি আদায় করতে চাই, তার নিয়ত করা, এর স্থান হচ্ছে অন্তর।
অযু করার পরে আমি কিবলামুখী হব, এবং দাঁড়িয়ে সালাত আদায় করব, যদি আমি সেক্ষেত্রে সক্ষম হয়ে থাকি।
দ্বিতীয় ধাপ: সালাতে প্রবেশের নিয়ত করে দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করে আমি বলব: ‘আল্লাহু আকবার’।
তৃতীয় ধাপ: আমি সালাত শুরু করার দু‘আ (সানা) পড়ব, যা হাদীসে বর্ণিত হয়েছে। যার মধ্যে একটি দু‘আ এমন: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُكَ، وَلاَ إِلَهَ غَيْرك» অর্থ: “হে আল্লাহ! আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি, আপনার নাম কতইনা বরকতময়, আপনি কতইনা সম্মানিত, আপনি ছাড়া কোন সত্য ইলাহ নেই।”
চতুর্থ ধাপ: আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, আমি বলব: أعوذُ باللهِ من الشيطان الرجيم “আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।”
পঞ্চম ধাপ: আমি প্রতিটি রাকাতে সূরা আল-ফাতিহা পাঠ করব, আর তা হচ্ছে: الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ “সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব।” الرَّحْمَنِ الرَّحِيمِ “দয়াময়, পরম দয়ালু।” مَالِكِ يَوْمِ الدِّينِ “বিচার দিনের মালিক।” إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ “আমরা শুধু আপনারই ‘ইবাদাত করি, এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি।” اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ “আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।” صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ “তাদের পথ, যাদেরকে আপনি নিয়ামাত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।”
তারপরে আমি বলব: “আমীন।” যার অর্থ: হে আল্লাহ, আপনি কবূল করুন।
সূরা ফতিহা পাঠ করা শেষে কুরআন থেকে আমার জন্য যা সহজ তা শুধু প্রথম ও দ্বিতীয় রাকাতে পড়ব। এটা ওয়াজিব নয়, তবে এটা পড়াতে অসংখ্য ছওয়াব রয়েছে।
ষষ্ঠ ধাপ: আমি বলব: الله أكبر “আল্লাহু আকবার”, তারপরে আমি রুকু করব এমনভাবে যাতে আমার পিঠ সোজা থাকে, আমার হাত দুটি আমার হাঁটুর উপরে আঙ্গুলগুলি আলাদাভাবে থাকবে। তারপরে আমি রুকুতে তিনবার বলব: سبحان ربي العظيم “সুবহানা রব্বিয়াল ‘আযীম”।
সপ্তম ধাপ: আমি এই বলে রুকু থেকে উঠব- سمع الله لمن حمده “সামি‘আল্লাহু লিমান হামিদাহ”; আমার দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করে। যখন দাঁড়িয়ে আমার শরীর সোজা হয়ে যাবে, তখন আমি বলব: ربنا ولك الحمد “রব্বানা ওয় লাকাল হামদ”।
অষ্টম ধাপ: আমি “আল্লাহু আকবার” বলে আমার দুই হাত, দুই হাঁটু, পায়ের দুই পাতা, কপাল ও নাকের উপরে ভর দিয়ে সিজদা করব আর সিজদাতে তিনবার বলব: سبحان ربي الأعلى “সুবহানা রব্বিয়াল আ‘লা”।
নবম ধাপ: আমি “আল্লাহু আকবার” বলে সিজদা থেকে উঠব, যাতে বাম পায়ের পাতার উপরে বসে ডান পায়ের পাতা উঁচু করে বসা অবস্থায় আমার পিঠ সোজা হয়। আর আমি তিনবার বলব: ربي اغفر لي “রব্বিগফিরলী”।
দশম ধাপ: আমি “আল্লাহু আকবার” বলব, এবং পুনরায় প্রথম সিজদার মত আরেকটি সিজদা করব।
এগারোতম ধাপ: আমি “আল্লাহু আকবার” বলে সিজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়াব। আর প্রথম রাকাত আমি যেমন করে আদায় করেছি, সেভাবে বাকী রাকাতগুলো আদায় করব।
যোহর, আসর, মাগরিব ও ইশার সালাতে দ্বিতীয় রাকাত শেষে আমি প্রথম তাশাহহুদ পড়ার জন্য বসব, আর তা হল: «التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ الله وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» “সকল মৌখিক, দৈহিক ও আর্থিক ‘ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর আল্লাহর সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপরও বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মা‘বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।” তারপরে আমি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াব।
প্রত্যেক সালাতের শেষ রাকাতের পরে আমি শেষ তাশাহহুদ পড়ার জন্য বসব, তা হচ্ছে: "التحيات لله، والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله، اللهم صَلِّ على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد " অর্থ: “মৌখিক, শারিরীক ও আর্থিক সমস্ত ইবাদাত আল্লাহর জন্যই নিবেদিত। হে নবী! আপনার উপরে সালাম, আল্লাহর রহমত ও বরকত নাযিল হোক। আমাদের এবং আল্লাহর নেককার বান্দাদের উপরও সালাম বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ! মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিবারের উপরে সালাত (রহমত) বর্ষণ করুন, যেভাবে ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের উপরে আপনি সালাত বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাবান। হে আল্লাহ! মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিবারের উপরে বরকত নাযিল করুন, যেভাবে ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের উপরে আপনি বরকত নাযিল করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাবান।”
বারোতম ধাপ: তারপরে সালাত থেকে বের হওয়ার নিয়তে আমি ডানদিকে সালাম ফিরিয়ে বলব: السلام عليكم ورحمة الله “আস-সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ”, আবার বামদিকে সালাম ফিরিয়ে বলব: “আস-সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ”। আর এর মাধ্যমেই আমি আমার সালাত আদায় সমাপ্ত করব।
মুসলিম নারীর পর্দা
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা আল-আহযাব: ৫৯]
মুসলিম নারীর উপরে আল্লাহ তা‘আলা তার নিজস্ব দেশে প্রচলিত কাপড়ের মাধ্যমে হিজাব অবলম্বন করা, তার সতর ও সমস্ত শরীর অপরিচিত পুরুষের কাছ থেকে ঢেকে রাখা আবশ্যক করে দিয়েছেন। তার স্বামী ও মাহরামগণ ছাড়া অন্য কারো সামনে তার হিজাব খোলা বৈধ হবে না। মাহরাম হচ্ছে: কোন মুসলিম নারীর জন্য পুরুষদের মধ্য হতে যাদেরকে বিবাহ করা চিরস্থায়ীভাবে অবৈধ। তারা হচ্ছে: পিতা -যতই ঊর্ধতন হোক না কেন-, পুত্র -যতই অধঃস্তন হোক না কেন-, চাচাগণ, মামাগণ, ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, মায়ের স্বামী (সৎ পিতা), স্বামীর পিতা -যতই ঊর্ধতন হোক না কেন-, স্বামীর পুত্র (সৎ ছেলে) -যতই অধঃস্তন হোক না কেন-, দুধভাই, দুধ মায়ের স্বামী। এবং বংশগত কারণে যারা হারাম হয়, দুধ সম্পর্কের কারণেও তারা হারাম হয়।
মুসলিম নারী তার পোষাকের ব্যাপারে কয়েকটি মূলনীতি খেয়াল রাখবে:
প্রথমত: সমস্ত শরীর ঢেকে রাখা।
দ্বিতীয়ত: যখন সে পরপুরুষের সামনে উপস্থিত হবে তখন মহিলারা সাধারণত সাজগোজের জন্য যে পোষাক পরিধান করে, এটি এমন পোষাক হবে না।
তৃতীয়ত: এটি এমন স্বচ্ছ হবে না, যা তার শরীরকে প্রকাশ করে দেয়।
চতুর্থত: পোষাকটি ঢিলেঢালা হবে। এমন আটোসাটো হবে না, যা তার শরীরের কোন অঙ্গকে বুঝতে সাহায্য করবে।
পঞ্চমত: সেটি সুগন্ধিযুক্ত হবে না; যখন সে কোন পরপুরুষের পাশ দিয়ে অতিক্রম করবে, আর তারা তার থেকে উক্ত সুগন্ধ গ্রহণ করবে- এমনটি যেন না হয়।
ষষ্ঠত: পুরুষের পোষাকের সাথে সাদৃশ্য রাখবে না।
সপ্তমত: অমুসলিম মহিলারা তাদের ধর্মীয় অনুষ্ঠান অথবা ইবাদাতের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, এমন পোষাকের সাথে সাদৃশ্য রাখবে না।
অষ্টমত: পোষাকটি খ্যাতির পোষাক হবে না।
মুমিন ব্যক্তির গুণাবলি:
আল্লাহ তা‘আলা বলেছেন: “মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তাঁর আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ঈমান বর্ধিত করে। আর তারা তাদের রবের উপরই নির্ভর করে।” [সূরা আল-আনফাল: ২]
- সে তার কথায় সত্যবাদী, সে মিথ্যা বলে না।
- ওয়াদা ও চুক্তি পূর্ণ করে।
- বিবাদের সময়ে কটূক্তি করে না।
- আমানত আদায় করে।
- সে তার মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে, যা সে তার নিজের জন্য পছন্দ করে।
- দয়াশীল।
- মানুষের প্রতি উত্তম আচরণকারী।
- আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।
- আল্লাহর তাকদীরে সন্তুষ্ট থাকে, আনন্দের সময়ে তাঁর শুকরিয়া আদায় করে আর বিপদে সবর করে।
- লজ্জার গুণে ভূষিত।
- সৃষ্টির প্রতি দয়ালু।
- হিংসা থেকে অন্তর পবিত্র এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ অন্যের উপরে বাড়াবাড়ি করা থেকে মুক্ত থাকে।
- মানুষকে ক্ষমা করে।
- সুদ খায় না এবং এর কোন লেনদেনও করে না।
- যিনা করে না।
- মদ পান করে না।
- প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে।
- সে জুলুমও করে না আবার ধোঁকাও দেয় না।
- চুরি করে না আবার কূটকৌশলও অবলম্বন করে না।
- তার পিতামাতার সাথে সদাচরণকারী; যদিও তারা অমুসলিম হয় না কেন, ভালোকাজে তাদের অনুগত হয়।
- স্বীয় সন্তানদেরকে সম্মানের সাথে প্রতিপালন করে, তাদেরকে শরী‘আতের কর্তব্য সম্পর্কে আদেশ করে এবং হারাম ও মন্দ কাজ থেকে নিষেধ করে।
- অমুসলিমদের ধর্মীয় বৈশিষ্ট্যপূর্ণ কাজকর্ম কিংবা এমন সব প্রথা, যা তাদের স্বাতন্ত্র্য ও পরিচয়ের প্রতীক হয়ে গেছে- সেগুলোর অনুকরণ করে না।
- তার ইবাদতে কমতি ও পাপ থেকে আল্লাহর কাছে তাওবা করে এবং ক্ষমা চায়।
মুসলিম ব্যক্তির আকীদার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি:
১। আল্লাহ আমাদের রব, তিনি ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই। তিনি ছাড়া কোন প্রকৃত রব নেই, তিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, কোন বস্তুই তাঁর মত নয়, কোন বস্তু তাঁকে অক্ষম করতে পারে না। তিনিই সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা।
২। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আসমানের উপরে সকল মাখলুক থেকে ঊর্ধ্বে, তাদের থেকে পৃথক অবস্থায় রয়েছেন। তাঁর ঊর্ধ্বে অবস্থান করা সবদিক থেকেই সার্বজনীন; সত্তাগতভাবে ঊর্ধ্বে থাকা, মর্যাদাগতভাবে ঊর্ধ্বে থাকা, শক্তির দিক থেকে ঊর্ধ্বে থাকা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা সকল বিষয় সম্পর্কে সম্যক অবগত।
৩। আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমরা সেগুলো সাব্যস্ত করি, যা আল্লাহ তা‘আলা তাঁর নিজের জন্য অথবা তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য সাব্যস্ত করেছেন। আর আমরা সেগুলোকে নাকচ করি, যা আল্লাহ তাঁর নিজের ক্ষেত্রে এবং তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ক্ষেত্রে নাকচ করেছেন।
৪। আল্লাহ তা‘আলা বান্দার আহ্বানে সাড়া দেন, তাদের প্রয়োজনসমূহ পূরণ করেন এবং তিনিই উপকার ও ক্ষতি করতে পারেন। চোখের একটি পলকও বান্দা তাঁর থেকে অমুখাপেক্ষী হতে পারে না। কোন মুসলিমের জন্য বৈধ হবে না যে, সে তার কোন প্রকারের ইবাদত আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে করবে, যেমন: দু‘আ, সালাত, মানত, যবাই, ভয়, আশা, ভরসা ইত্যাদি ইবাদাতসমূহ- হোক তা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য। আর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য কোন ইবাদাত করে, সে আল্লাহর সাথে শিরককারী (মুশরিক) হয়ে যায়।
৫। সবচেয়ে ঘৃণিত ও বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। যে ব্যক্তি শিরকের উপরে মারা যাবে, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। শিরক এমন পাপ, যদি বান্দা এর উপরে থেকে মারা যায় এবং তাওবা না করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
৬। যা কোন বান্দার ক্ষেত্রে ঘটেনি, তা তার ওপর ঘটার ছিল না; আর তার ওপর যা ঘটেছে, তা কখনো তাকে এড়িয়ে যাওয়ার ছিল না। তাই মুসলিমের কর্তব্য হলো- আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি ঈমান রাখা, আল্লাহ তাআলার নির্ধারিত তাকদিরে সন্তুষ্ট থাকা এবং সর্বাবস্থায় তাঁর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
৭। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশেষ রাসূল। তিনি কিয়ামাতের দিন শাফা‘আতকারী এবং তার শাফা‘আত গ্রহণ করা হবে। আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমন তিনি ইবরাহীম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন।
১০। আমাদের কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল-কুরআন, যা স্বয়ং একটি মুজিযা, নিশ্চিতভাবে বিশুদ্ধ, তিলাওয়াত করা ইবাদত। যা আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ ফিরিশতা জিবরীল ‘আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তা‘আলা নাযিল করেছেন। আর আল্লাহ তা‘আলা একে সব ধরণের বিকৃতি ও পরিবর্তন থেকে হিফাযত করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু বলেন: “নিশ্চয় আমিই কুরআন নাযিল করেছি এবং আমি অবশ্যই তার সংরক্ষক।” [সূরা আল-হিজর : ৯]
১১। মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে নৈকট্যভাজন ব্যক্তি হচ্ছে, যে তাঁর আনুগত্যের দিক থেকে সবচেয়ে বেশী অগ্রসর এবং তাঁর শরী‘আতকে সবচেয়ে বেশী পালনকারী। শুধুমাত্র তাকওয়া ছাড়া অনারবদের উপরে আরবদের কোন প্রাধান্য নেই, আবার আরবদের উপরে অনারবদের কারো প্রাধান্য নেই এবং শ্বেতাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গের কোন প্রাধান্য নেই, আবার কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোন প্রাধান্য নেই। সকল মানুষ আদম থেকে আর আদম মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন: “নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে, যে সবচেয়ে বেশী তাকওয়া অর্জনকারী।” [সূরা আল-হুজুরাত : ১৩]
১২। মুসলিম ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের উপরে দৃঢ় বিশ্বাস করবে। সে তাদের অস্তিত্বে ঈমান আনবে এবং তারা আল্লাহর মাখলুক; আল্লাহ তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। তারা আল্লাহ তা‘আলার সৃষ্টির মধ্য হতে একটি সৃষ্টি, এদের মধ্যে রয়েছেন জিবরীল, তিনি ওহীর দায়িত্বে নিয়োজিত, আরো রয়েছেন মীকাঈল, তিনি বৃষ্টির দায়িত্বে নিয়োজিত, আরো রয়েছেন ইসরাফীল, তিনি শিংগাতে ফূঁ দেওয়ার দায়িত্বে নিয়োজিত, আরো রয়েছেন মালাকুল মাউত, তিনি বান্দাদের রূহ কবজের দায়িত্বে নিয়োজিত।
১৩। একজন মুসলিম ঈমান আনবে কিয়ামাতের আলামতসমূহ, দাজ্জালের বের হওয়া, শেষ যামানায় আসমান থেকে ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালামের অবতরণ এবং সূর্য তার অস্তাচল (পশ্চিম দিক) থেকে উদিত হওয়ার বিষয়ে।
১৪। সে আরো ঈমান আনবে: যে ব্যক্তি আযাবের উপযুক্ত তার কবরে আযাব হওয়া এবং যে নিআমাতের উপযুক্ত তার কবরে নি‘আমাতপ্রাপ্তি সম্পর্কে, অনুরূপভাবে তার রব, দীন ও নবী সম্পর্কে কবরে মুনকার ও নাকীরের প্রশ্ন সম্পর্কে, আর কবর হয়তো জান্নাতের বাগানসমূহের একটি হবে অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্য হতে একটি হবে।
১৫। সে কেয়ামতের দিনে পুনরুত্থান এবং আমলের প্রতিদানের ওপর বিশ্বাস স্থাপন করবে; আর এ বিশ্বাসও পোষণ করবে যে, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়েছে এবং এ দুটি কখনোই ধ্বংস হবে না।
১৬। যাদু হচ্ছে আল্লাহর সাথে কুফুরী করা। যাদু শিক্ষা বৈধ নয়, কোন যাদুকর ও প্রতারক গণকের কাছে যাওয়াও বৈধ নয়। মুসলিম কোন গণক বা ভবিষ্যদ্বানী করে এমন লোককে বিশ্বাস করবে না। এদের মধ্যে কাউকে যে ব্যক্তি সত্য বলে মনে করবে, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত বিষয়সমূহকেই অস্বীকার করবে।
১৭। মুসলিম ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসবে। তাদেরকে যারা ভালোবাসে, সেও তাদেরকে ভালোবাসবে। তাদেরকে যারা ঘৃণা করে, সে তাদেরকে ঘৃণা করবে; কেননা তাদের ভালোবাসা হচ্ছে দীন ও ইহসানের অন্তর্ভুক্ত এবং তাদেরকে অপছন্দ করা হচ্ছে কুফুরী ও নিফাকী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা আমার সাহাবাদেরকে গালমন্দ করো না।” সহীহ মুসলিম। আর প্রত্যেক ব্যক্তি যে সাহাবীগণ রদিয়াল্লাহু আনহুমের মধ্য হতে কোন একজনকেও দোষারোপ করে অথবা তার মর্যাদা ক্ষুণ্ণ করে, সে পথভ্রষ্ট বিদ‘আতী।
১৬। মুসলিম ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে (নিম্ন ধারাবাহিকতায়) খিলাফাত সাব্যস্ত করবে: প্রথমে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহুর জন্য, সমগ্র উম্মতের ওপর তাকে শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে; এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য; এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য; এবং এরপর আলী ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহুর জন্য। আর তারাই হলেন খুলাফায়ে রাশেদীন এবং হিদায়াতপ্রাপ্ত ইমাম।
১৭। ইবাদাতসমূহ তাওক্বীফী। সুতরাং এমন কোন ইবাদাত করা যাবে না, যা আল্লাহর কিতাব অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে প্রমাণিত নয়। প্রতিটি এমন ইবাদাত, যা মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবিষ্কার করেছে, আর সেটা রাসূলের সুন্নাহর মধ্যে ছিল না, তাহলে সেটা প্রত্যাখ্যাত, বিদ‘আত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: من أحدث في أمرنا ما ليس منه فهو رد অর্থ: “যে ব্যক্তি আমাদের দীনের মধ্যে এমন কোন নতুন বিষয় আবিষ্কার করবে, যা এর মধ্যে ছিল না, তা প্রত্যাখ্যাত।” সহীহ বুখারী।
১৮। ইবাদাত কবূলের দুটি মৌলিক রুকন রয়েছে, তা হচ্ছে: ইবাদাতের ক্ষেত্রে আল্লাহর প্রতি ইখলাস (একনিষ্ঠতা) এবং দ্বিতীয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কাজটি করা। সুতরাং আল্লাহর প্রতি পূর্ণ ইখলাস না থাকলে ইবাদাত কবূল হবে না এবং ইবাদাতটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হলেও তা কবূল হবে না।
আমার দীন ইসলামেই আমার সৌভাগ্য
আল্লাহ তা‘আলা বলেছেন: “মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। আর অবশ্যই আমি তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব।” [সূরা আন-নাহল : ৯৭]
মুসলিমের অন্তরে সবচেয়ে আনন্দ, প্রশান্তি ও সুখ এনে দেয় তার রবের সাথে তার সরাসরি বন্ধন- কোন জীবিত, মৃত অথবা মূর্তির মাধ্যম ব্যতীত। সুতরাং আল্লাহ তা‘আলা তাঁর মহিমান্বিত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে, তিনি তাঁর বান্দার সবসময়ই কাছে থাকেন, তাদের কথা শ্রবণ করেন, তাদের দু‘আতে সাড়া দেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেছেন: “আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, (তখন বলে দিন যে) নিশ্চয় আমি অতি নিকটে। আহবানকারী যখনই আমাকে আহ্বান করে, আমি তার আহবানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে।” [সূরা আল-বাকারাহ: ১৮৬] আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁকে ডাকার জন্য আদেশ করেছেন এবং এ কাজকে তিনি সর্বোত্তম ইবাদাতের অন্তর্ভুক্ত করেছেন, যার মাধ্যমে মুসলিম তার রবের নৈকট্য লাভ করতে পারে। যেখানে আল্লাহ বলেছেন: “আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশে আমার 'ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।” [সূরা গাফির (মু‘মিন): ৬০] সুতরাং একজন নেককার মুসলিম ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকে, আর সার্বক্ষণিক তার কাছে দু‘আ পেশ করতে থাকে এবং সঠিক ইবাদাতসমূহের মাধ্যমে তাঁর নৈকট্য লাভ করতে থাকে।
এ বিশ্বে আল্লাহ তা‘আলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি বড় হিকমতের কারণে, তিনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আর সেটি হচ্ছে: এককভাবে তাঁর ইবাদাত করা- যার কোন শরীক নেই। তিনি আমাদের জন্য একটি সম্মানিত সার্বজনীন দীনের ব্যবস্থা করেছেন, যা আমাদের জীবনের সাধারণ ও বিশেষ সবধরণের বিষয়গুলোকে পরিচালনা করে। আর এ ইনসাফপূর্ণ শরী‘আতের মাধ্যমে তিনি জীবনের প্রয়োজনীয় সকল বিষয়কে সংরক্ষণ করেছেন। এর মধ্যে রয়েছে: আমাদের দীন (ধর্মীয় দিক), আমাদের জীবন, মান-সম্মান, বিবেক-বুদ্ধি এবং আমাদের ধন-সম্পদ। যে ব্যক্তি শরী‘আতের আদেশসমূহের অনুগত হয়ে হারাম কাজ থেকে বিরত থেকে জীবন যাপন করবে, সে এ সকল প্রয়োজনীয় ব্যাপারগুলোও সংরক্ষণ করবে, তাতে সে কোন প্রকার সন্দেহ ছাড়াই প্রশান্তচিত্তে সৌভাগ্যের সাথে তার জীবন যাপন করতে পারবে।
আর রবের সাথে মুসলিমের সম্পর্ক অত্যন্ত গভীর, যা অন্তরে প্রশান্তি ও মানসিক স্বস্তি জাগিয়ে তোলে এবং এনে দেয় স্থিরতা, নিরাপত্তা ও আনন্দের অনুভূতি। এর মাধ্যমে সে মহান আল্লাহর সান্নিধ্য, বিশেষ অনুগ্রহ এবং মুমিন বান্দার ওপর অভিভাবকত্বের অনুভূতি লাভ করে। আল্লাহ তা‘আলা বলেছেন: “আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমান এনেছে, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান।” [সূরা আল-বাকারাহ: ২৫৭]
এ গভীর সম্পর্কের বন্ধন হচ্ছে একটি আবেগপূর্ণ অবস্থা, যা রহমানের ইবাদাতের মাধ্যমে নি‘আমাত প্রাপ্তি ও তাঁর সাথে সাক্ষাতের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং ঈমানের স্বাদ গ্রহণের পাশাপাশি সে তার অন্তর দিয়ে সৌভাগ্যের আকাশে পরিভ্রমণ করতে থাকে।
সৎকাজ পালন ও অসৎকাজসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে যে উক্ত স্বাদ পেয়েছে, সে ছাড়া উক্ত স্বাদের বর্ণনা দেওয়া অসম্ভব। এ জন্যই নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “ঐ ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে এবং মুহাম্মাদকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে।” সহীহ মুসলিম।
হ্যাঁ, যখন মানুষ তার নিজেকে সার্বক্ষণিক তার রবের সামনে উপস্থিত মনে করে এবং সে আল্লাহর সুন্দরতম নামসমূহ ও গুণাবলীর মাধ্যমে তাঁকে চিনতে পারে, সে যেন তাঁকে দেখতে পাচ্ছে এমনভাবে ইবাদাত করে এবং সে আল্লাহর জন্য ইবাদাতের ক্ষেত্রে একনিষ্ঠ হয়, আর আল্লাহ জাল্লা জালালুহু ছাড়া অন্য কারো উদ্দেশ্য তার কাছে থাকে না, তখন এ দুনিয়াতে সে সুন্দর ও উত্তম জীবন যাপন করতে পারে এবং আখিরাতে সুন্দর পরিণাম লাভ করতে পারে।
এমনকি দুনিয়াতে মুমিন বান্দার উপরে আপতিত বিপদাপদের ক্ষেত্রেও তা প্রযোজ্য। তার বিপদাপদের উষ্ণতা বিলীন হয়ে যায় দৃঢ় বিশ্বাস, আল্লাহ তা‘আলা কর্তৃক নির্ধারিত তাকদীরের প্রতি সন্তুষ্টি, ভালো বা মন্দ যেটাই হোক না কেন তাঁর সকল ফয়সালাতে তাঁর প্রশংসা এবং তার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকার শীতলতার মাধ্যমে।
আর নিজের সুখ ও প্রশান্তি বাড়িয়ে তোলার জন্য একজন মুসলিমের যে বিষয়ের প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়া উচিত, তা হলো- বেশি বেশি আল্লাহর যিকির করা এবং পবিত্র কুরআন তিলাওয়াত করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: “যারা ঈমান আনে এবং আল্লাহর যিকিরে যাদের মন প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর যিকিরের মাধ্যমেই মন প্রশান্তি লাভ করে।” [সূরা আর-রা‘আদ : ২৮]। আর মুসলিম ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলার যিকির ও কুরআন তিলাওয়াত বৃদ্ধি করে, মহান আল্লাহর সাথে তার সম্পর্ক তত গভীর হয়, তার আত্মশুদ্ধি ঘটে এবং ইমান আরও শক্তিশালী হয়।
অনুরূপভাবে মুসলিমের জন্য কর্তব্য হচ্ছে যে, সে তার দীনের বিষয়গুলোকে সঠিক উৎস থেকে শিক্ষা করবে, যাতে সে বিচক্ষণতার সাথে আল্লাহর ইবাদাত করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রত্যেক মুসলিমের উপর ইলম অন্বেষণ করা ফরয।” ইবনে মাজাহ। আর সে যেন তার সৃষ্টিকর্তা মহান আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণকারী ও অনুগত হয়- সেগুলোর হিকমত সম্পর্কে সে জানুক কিংবা না জানুক। কারণ, মহান আল্লাহ তাঁর কিতাবে ইরশাদ করেছেন: “আর আল্লাহ্ ও তাঁর রাসূল কোন বিষয়ের ফায়সালা দিলে কোন মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোন (ভিন্ন সিদ্ধান্তের) ইখতিয়ার সংগত নয়। আর যে আল্লাহ্ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো।” [সূরা আল-আহযাব: ৩৬]
আল্লাহ আমাদের নবী মুহাম্মাদের উপর, তার পরিবার ও তার সকল সাহাবীর ওপর সালাত, সালাম ও বরকত নাযিল করুন।
Related books
All books
হিসনুল মুসলিম কুরআন ও সুন্নাহর যিকির ও দু‘আ57 ভাষাহিসনুল মুসলিম কুরআন ও সুন্নাহর যিকির ও দু‘আ
গ্রন্থটিতে কুরআন ও সুন্নাহ থেকে যিকিরসমূহ সংকলন করা হয়েছে, যেন বিভিন্ন সময়ে ও পরিস্থিতিতে তা পাঠ করা সহজ হয়। এতে ঘুম থেকে উঠা, ওযু, সালাত, সফর ও অন্যান্য অবস্থার দু‘আসমূহ অন্তর্ভুক্ত রয়েছে; যা মুসলিমকে তার তার নাফস সুরক্ষিত করতে সাহায্য করে।যাতে সে আল্লাহর হেফাযত ও তত্ত্বাবধানে থাকতে পারে। (আল্লাহ তায়ালা কুরআন মাজীদে বহু আয়াতে নিজ সম্মানার্থে বহুবচন ব্যবহার করেছেন,যা মূলত আরাবী ভাষার একটি রীতি। বাংলায় এরীতির ব্যাবহার না থাকায় সে সব আয়াতের অনুবাদে একবচনই ব্যবহার করা হয়েছে।সম্পাদক,আব্দুর রব আফ্ফান)
একজন মুসলিমের জন্য যা জানা অত্যাবশ্যকীয়78 ভাষাএকজন মুসলিমের জন্য যা জানা অত্যাবশ্যকীয়
(مَا لَا يَسَعُ المُسْلِمَ جَهْلُهُ) বা (একজন মুসলিমের জন্য যা জানা অত্যাবশ্যকীয়) কিতাবটি একটি মহৎ গ্রন্থ, যার অক্ষরসমূহ জ্ঞানের কালি ও স্পষ্ট বর্ণনার মাধ্যমে গঠিত। এতে ইসলামের মৌলিক আকিদা, শরীয়তের বিধান ও সুন্দর আচরণবিধি এমন সুসংহতভাবে সন্নিবেশিত হয়েছে- যা অন্তরদৃষ্টিকে আলোকিত করে, হৃদয়ে প্রশান্তি আনে, অনুধাবনের পরিশুদ্ধি ঘটায় ও আমলের সংশোধন করে। সুতরাং এটি প্রকৃতপক্ষে মুক্তির চাবিকাঠি এবং আনুগত্য ও জ্ঞানের পথে চলার নির্ভরযোগ্য দিকনির্দেশিকা।
أنا مسلم
তিনটি মূলনীতি ও তার দলীলসমূহ73 ভাষাতিনটি মূলনীতি ও তার দলীলসমূহ
কিতাবটিতে এমন মৌলিক নীতিমালা আলোচনা করা হয়েছে, যা সম্পর্কে একজন মুসলিমের জ্ঞান অর্জন করা আবশ্যক: আল্লাহ তা‘আলা সম্পর্কে জানা, দ্বীন ইসলাম সম্পর্কে জানা এবং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। এতে আল-কুরআনুল কারীম ও নবীর সুন্নাহ থেকে প্রামাণ্য দলীলের ভিত্তিতে ঈমানকে সুদৃঢ় করা ও সৎকর্ম প্রতিষ্ঠায় এসব নীতিমালার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। (আল্লাহ তায়ালা কুরআন মাজীদে বহু আয়াতে নিজের জন্য সম্মানার্থে বহুবচন ব্যবহার করেছেন,যা মূলত আরাবী ভাষার একটি রীতি।বাংলায় এরীতির ব্যাবহার না থাকায় সে সব আয়াতের অনুবাদে বইটিতে একবচনই ব্যবহার করা হয়েছে।সম্পাদক,আব্দুর রব আফ্ফান)