যদি তোমাকে বলা হয়, কবরের আযাব ও তার শান্তি কি কিতাব ও সুন্নাতে প্রমাণিত?
السؤال
প্রশ্ন: যদি তোমাকে বলা হয়, কবরের আযাব ও তার শান্তি কি কিতাব ও সুন্নাতে প্রমাণিত?
الجواب
উত্তর: বল, হ্যাঁ, আল্লাহ তা`আলা ফির`আউন সম্প্রদায় সম্পর্কে বলেছেন: “সকাল-সন্ধ্যায় তাদেরকে আগুনের কাছে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে), ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও”। [সূরা গাফির, আয়াত: ৪৬] অপর আয়াতে বলেন, “আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ হরণ করছিল, তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করছিল, আর (বলছিল) ‘তোমরা জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন কর”। [সূরা আনফাল, আয়াত: ৫০] অপর আয়াতে আল্লাহ বলেন, “আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়াতে ও আখেরাতে সুদৃঢ় বাণীর উপর অবিচল রাখেন”। [সূরা ইবরাহীম, আয়াত: ২৭] আর বারা‘ ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি লম্বা কুদসী হাদীসে বর্ণিত হয়েছে, অতঃপর আসমান থেকে এক ঘোষক ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে। অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলে দাও। ফলে তার নিকট জান্নাতের বাতাস ও সুঘ্রান আসতে থাকে এবং তার কবরে তার জন্য চোখের দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করা হয়। আর কাফিরের মৃত্যুকে উল্লেখ করে বলেন, অতঃপর তার রূহকে তার শরীরে ফেরত দেওয়া হয় এবং তার নিকট দু’জন ফেরেশতা আসে ও তাকে বসায়। অতঃপর তাকে প্রশ্ন করে, তোমার রব কে? ফলে সে বলে, হাহ হাহ আমি জানি না। অতঃপর তারা তাকে বলেন, তোমার দীন কি? সে বলে, হাহ হাহ আমি জানি না। অতঃপর তারা তাকে বলেন, এই যে লোকটিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি কে? ফলে সে বলে, হাহ হাহ আমি জানি না। অতঃপর আসমান থেকে এক ঘোষক ঘোষণা দেন যে, সে মিথ্যা বলেছে। অতএব তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। ফলে তার গরম বাতাস ও বিষ-বাষ্প তার কাছে আসতে থাকে এবং তার কবরকে তার ওপর এত সংকীর্ণ করা হয় যে, তার এক পাশের হাড় অপর পাশের হাড়ে প্রবেশ করে”। অপর বর্ণনায় বৃদ্ধি করা সহ এভাবে আছে যে, “অতঃপর তার জন্য নিযুক্ত করা হয় অন্ধ ও বধির ফেরেশতাকে। তার সাথে থাকবে লোহার হাতুড়ি, যদি তা দ্বারা পাহাড়কে আঘাত করা হয়, তবে সেটিও মাটিতে পরিণত হবে। আর সে তা দিয়ে তাকে এমন একটি আঘাত করে, যা জিন ও মানুষ ব্যতীত পূর্ব ও পশ্চিমের মধ্যকার সবাই শুনতে পায়। আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। এ জন্যই প্রত্যেক সালাতে আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে আদেশ করা হয়েছে।